ভোক্তা অধিকার নিশ্চিত করতে ইউএনও’র সঙ্গে সিআরবি ছাতক উপজেলা শাখার মতবিনিময়
আব্বাস উদ্দীন ধ্রুব
-
প্রকাশের সময় :
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
-
১২
বার পড়া হয়েছে
কনজিউমার উজ ডেস্ক:
ভোক্তাদের অধিকার সুরক্ষা, বাজার তদারকি জোরদার এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)-এর ছাতক উপজেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সিআরবি নেতৃবৃন্দ উপজেলার প্রতিটি বাজারে নিয়মিত মাসিক বাজার মনিটরিং পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সভায় সিআরবি নেতৃবৃন্দ বলেন, ছাতক উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন -বিএসটিআই-এর কোনো স্থানীয় কার্যালয় নেই। ফলে বাজারে ওজন কারচুপি, ভেজাল ও নকল পণ্য নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা উল্লেখ করেন, যেসব উপজেলার নির্বাহী কর্মকর্তারা নিয়মিত বাজার তদারকি পরিচালনা করেন, সেসব এলাকায় ভোক্তা অধিকার বাস্তবায়ন তুলনামূলক ভাবে বেশি কার্যকর হয়।
মতবিনিময় সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জনসচেতনতা বৃদ্ধি এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসন ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সিআরবি’র পক্ষ থেকে প্রতি মাসে উপজেলার বাজার তদারকির তথ্য প্রকাশেরও অনুরোধ জানানো হয়। প্রস্তাবিত মাসিক প্রতিবেদনে বাজার পরিস্থিতি, পরিচালিত অভিযানের সংখ্যা, শনাক্ত হওয়া অপরাধ, প্রদত্ত দণ্ডাদেশ, আদায়কৃত জরিমানার পরিমাণ এবং গৃহীত প্রশাসনিক পদক্ষেপ তুলে ধরার আহ্বান জানানো হয়, যাতে জনগণ বাজার ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত থাকতে পারেন এবং প্রশাসনের জবাবদিহিতা আরও শক্তিশালী হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন সিআরবি ছাতক উপজেলা শাখার ভোক্তা অধিকারবিষয়ক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, বাজার তদারকি জোরদার এবং জনস্বার্থে পরিচালিত কার্যক্রমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিআরবি ছাতক উপজেলা শাখার সভাপতি শাহীন আহমদ শাহী, সহ-সভাপতি অজিত কুমার দাশ, সাধারণ সম্পাদক আলী আশরাফ তাহীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মিয়া তালুকদার, আইনবিষয়ক সম্পাদক সানী দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ