নরসিংদীতে সিআরবি’র বার্ষিক বনভোজন ও কনজিউমার অ্যাক্টিভিস্টদের মিলনমেলা সম্পন্ন ভোক্তা অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ, স্বেচ্ছাসেবীদের জন্য ‘সিআরবি কল সেন্টার’ রেশন প্রকল্প চালুর ঘোষণা
সংবাদ দাতার নাম
-
প্রকাশের সময় :
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
-
৩
বার পড়া হয়েছে
কনজিউমার নিউজ টিভি, নরসিংদী প্রতিনিধি :
“নিরাপদ খাদ্য নাগরিক অধিকার, বাস্তবায়নে দায় সবার”—এই স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ক্রেতা সুরক্ষা আন্দোলন–ভলান্টারি মুভমেন্ট–সিআরবি নরসিংদী জেলা শাখার বার্ষিক বনভোজন ও কনজিউমার অ্যাক্টিভিস্টদের মিলনমেলা–২০২৬।
গত ২১ নভেম্বর (শনিবার) নরসিংদীর ওয়ান্ডার পার্কে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। আনন্দ–উৎসব, পারস্পরিক পরিচিতি, ভোক্তা অধিকারবিষয়ক আলোচনা এবং সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেন সিআরবি’র বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নরসিংদীর সহকারী পরিচালক মাহমুদুর রহমান। প্রধান আলোচক ছিলেন সিআরবি ঢাকা বিভাগীয় ডিভিশনাল অ্যাম্বাসেডর ও প্রশাসনিক প্রতিনিধি আব্দুল হান্নান মানিক। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিআরবি ঢাকা রিজিওনাল অ্যাম্বাসেডর ও প্রশাসনিক প্রতিনিধি নগেন্দ্র নাথ বণিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরবি নরসিংদী জেলা শাখার সিনিয়র সহ–সভাপতি মোশারফ হোসেন নিলু। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা শাখার সহ–সভাপতি ওবায়েদ উল্লাহ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান বিপ্লব।
ভোক্তা অধিকার আইন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা-
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯–এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও বাস্তব প্রয়োগ সম্পর্কে উপস্থিত কনজিউমার অ্যাক্টিভিস্টদের বিস্তারিত ধারণা দেন। তিনি আইনটির বিভিন্ন ধারা, ভোক্তার অধিকার সংরক্ষণ এবং আইন বাস্তবায়নে নাগরিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সাধারণ মানুষ সচেতন হলে এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা গেলে দেশের ভোক্তাদের অধিকার অনেকাংশে সুরক্ষিত করা সম্ভব। এ সময় উপস্থিত স্বেচ্ছাসেবীরা তাঁর কাছ থেকে আইনবিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারেন।
দিনব্যাপী আনন্দ আয়োজনের পাশাপাশি এমন শিক্ষামূলক আলোচনা আয়োজন করায় প্রধান অতিথির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সিআরবি নেতৃবৃন্দ।
স্বেচ্ছাসেবীদের জন্য আসছে ‘সিআরবি কল সেন্টার’ রেশন প্রকল্প
অনুষ্ঠানের প্রধান আলোচক আব্দুল হান্নান মানিক তাঁর বক্তব্যে বলেন, বিগত ১৯ বছর ধরে সিআরবির স্বেচ্ছাসেবীরা কোনো প্রকার প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়াই নিজেদের অর্থ, শ্রম ও মেধা দিয়ে দেশের মানুষের ভোক্তা অধিকার সুরক্ষায় কাজ করে আসছেন। তাঁদের এই দীর্ঘদিনের আত্মত্যাগ ও অবদানকে মূল্যায়ন করে সংগঠনের দুই দশক পূর্তি উপলক্ষে
আগামী বছর থেকে ‘সিআরবি কল সেন্টার’ নামে প্রডিউসার টু কনজিউমার ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী রেশন প্রকল্প চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, এ প্রকল্পের মাধ্যমে সিআরবির স্বেচ্ছাসেবী সদস্যরা বাজারমূল্যের তুলনায় কম দামে নিরাপদ ও পরীক্ষিত খাদ্যপণ্য সংগ্রহের সুযোগ পাবেন। এর ফলে স্বেচ্ছাসেবীদের খাদ্য নিরাপত্তা ও আর্থিক সাশ্রয়ের পাশাপাশি তাঁদের জীবনমান সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে প্রকল্পটি।
তিনি আরও বলেন, কল সেন্টার প্রকল্পটি শুধু খাদ্যসেবার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে স্বাস্থ্য ও চিকিৎসাসহ বিভিন্ন সেবামূলক খাতে স্বেচ্ছাসেবীদের সুযোগ–সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এ সময় তিনি নরসিংদী জেলায় সিআরবি কল সেন্টার প্রকল্প বাস্তবায়নে স্থানীয় স্বেচ্ছাসেবী ও কনজিউমার অ্যাক্টিভিস্টদের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান।
নরসিংদী জেলায় কল সেন্টারের প্রথম আজীবন সদস্য আব্দুল হান্নান মানিক
অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল নরসিংদী জেলায় সিআরবি কল সেন্টার প্রকল্পের প্রথম আজীবন সদস্যের নাম ঘোষণা। অনুষ্ঠানের সঞ্চালক আব্দুল হান্নান মানিককে নরসিংদী জেলার প্রকল্পটির প্রথম আজীবন সদস্য হিসেবে ঘোষণা করেন।
পরে প্রধান অতিথি মাহমুদুর রহমান আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সিআরবি কল সেন্টারের প্রথম আজীবন সদস্য সনদ তুলে দেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা তাঁকে অভিনন্দন জানান।
জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআরবি নরসিংদী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম বাচ্চু, মেহেদী হাসান ও হোসেন আলমগীর; অর্থ সম্পাদক মোঃ মামুন ভূঁইয়া; দপ্তর সম্পাদক আঃ কুদ্দুছ; তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আবদুল্লাহ; শিক্ষা ও স্বাস্থ্যসেবা মনিটরিং সম্পাদক লুৎফর রহমান; পারিশ্রমিক ও প্রবাসী অধিকার বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান সুমন; আইন ও লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট কাউছার শেখ; ইভটিজিং ও সাইবার ক্রাইম মনিটরিং সম্পাদক মোঃ এস এ বাছেদ; যাত্রীসেবা ও পরিবহন ভাড়া মনিটরিং সম্পাদক মোঃ অমিত হোসেন এবং শাখা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিআরবি পলাশ উপজেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ মোবারক হোসেন; সিআরবি শিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিকচান ভূঁইয়া এবং সিআরবি বেলাব উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য মোঃ বাদল মিয়াসহ বিভিন্ন পর্যায়ের কনজিউমার অ্যাক্টিভিস্টরা।
ভোক্তা অধিকার আন্দোলনে ঐক্য ও সম্প্রীতির প্রত্যয়
আয়োজকরা জানান, সিআরবির ধারাবাহিক ভোক্তা অধিকার আন্দোলনের অংশ হিসেবে এ ধরনের বার্ষিক আয়োজন স্বেচ্ছাসেবীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার আন্দোলনকে আরও গতিশীল করবে।
দিনব্যাপী আনন্দঘন পরিবেশে আয়োজিত বনভোজন ও মিলনমেলা নতুন উদ্যমে ভোক্তা অধিকার রক্ষার প্রত্যয়ে শেষ হয়।
এ বিভাগের আরো সংবাদ