মঙ্গল, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৪ সকাল
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিআরবির বাজার পর্যবেক্ষণ: মেয়াদোত্তীর্ণ মিষ্টি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অতিরিক্ত দামে এলপিজি বিক্রির অভিযোগ বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিআরবি কক্সবাজার জেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন সিআরবি’র সাভার উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন ক্রেতা-সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’র সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন মাছের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে সিআরবির স্মারকলিপি প্রদান নালা পরিষ্কারের পর সড়কে ময়লার স্তূপ: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘হটকারী উন্নয়ন’ বন্ধের আহ্বান জানিয়েছে-সিআরবি। নরসিংদী বড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা ২০ হাজার টাকা নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশ সফলভাবে অনুষ্ঠিত। ভোক্তা অধিকার নিশ্চিত করতে ইউএনও’র সঙ্গে সিআরবি ছাতক উপজেলা শাখার মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিআরবির বাজার পর্যবেক্ষণ: মেয়াদোত্তীর্ণ মিষ্টি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অতিরিক্ত দামে এলপিজি বিক্রির অভিযোগ

আব্বাস উদ্দিন ধ্রুব
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 কনজিউমার নিউজ  অনলাইন ডেস্ক :

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ব্যবসায়ীদের আইন মেনে চলতে উৎসাহিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জনসচেতনতামূলক প্রচারণা ও বাজার পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে ক্রেতা সুরক্ষা আন্দোলন–ভলান্টারি মুভমেন্ট, কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ -সিআরবি। এ সময় বিভিন্ন দোকানে মূল্যতালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের ওজন ও মূল্য নিয়ে অনিয়মসহ বেশ কিছু অসংগতি পর্যবেক্ষণে উঠে আসে।

৭ নভেম্বর, শনিবার সিআরবির চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক শাখার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া সদর ও রাধিকা–নবীনগর রোডসংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

কার্যক্রম চলাকালে পথচারী, ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯-এর গুরুত্বপূর্ণ বিধান, ভোক্তার অধিকার, অভিযোগ জানানোর পদ্ধতি এবং ব্যবসায়ীদের আইনগত দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ফার্মেসি, হোটেল-রেস্তোরাঁ, ফলের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে আইন মেনে ব্যবসা পরিচালনার পরামর্শ দেন সিআরবি নেতৃবৃন্দ।

বাজার পর্যবেক্ষণে উঠে এলো খাদ্য নিরাপত্তা ও ওজন নিয়ে অনিয়ম-

সিআরবির পর্যবেক্ষক দলের তথ্যমতে, বাজারের কোনো দোকানেই দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যতালিকা পাওয়া যায়নি।

পর্যবেক্ষণে স্ববর্ণা মিষ্টান্নের সোহেল মিয়ার দোকানে মেয়াদোত্তীর্ণ ও নষ্ট মিষ্টি পাওয়া যাওয়ার অভিযোগ করা হয়। মিষ্টির মধ্যে টিকটিকি ও মাছি পড়ে থাকতে দেখা যায় বলে পর্যবেক্ষক দল জানায়। প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং প্রয়োজনীয় বিএসটিআই অনুমোদন না থাকার বিষয়টিও পর্যবেক্ষণে উঠে আসে।

এ ছাড়া মিষ্টি বিক্রির ক্ষেত্রে ওজন নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া যায়। পর্যবেক্ষক দলের দাবি, এক কেজি মিষ্টির নামে ৮০০ গ্রাম মিষ্টির সঙ্গে ২০০ গ্রাম ওজনের কার্টন দেওয়া হচ্ছে। অর্থাৎ কার্টনের ওজন বাদ না দিয়েই ক্রেতার কাছ থেকে মিষ্টির মূল্য নেওয়া হচ্ছে।

অন্যদিকে, ইসলাম ট্রেডার্সে ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে বলে জানায় সিআরবি।

মা বেকারিতে প্রয়োজনীয় বিএসটিআই অনুমোদন ছাড়া ব্রেড, বিস্কুট ও কেক বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। পর্যবেক্ষক দলের দাবি, কেকের মধ্যে মাছি পড়ে থাকতে দেখা গেছে। পাশাপাশি ব্রেড ও কেকের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না।

মূল্যতালিকা প্রদর্শন বাধ্যতামূলক, রয়েছে শাস্তির বিধান-

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯-এর ৩৮ ধারা অনুযায়ী, প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন বাধ্যতামূলক। এ বিধান লঙ্ঘনের জন্য অনূর্ধ্ব এক বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। কিন্তু বেশিরভাগ ব্যবসায়ী এসব আইন সম্পর্কে অবগত নয়। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পর্যবেক্ষক দল জানতে পারে, সরকারি সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিয়মিত তদারকির অভাবের কারণে বাজারে এসব অনিয়ম বিদ্যমান রয়েছে বলে তাঁদের কেউ কেউ মনে করেন।

সিআরবি নেতৃবৃন্দের পর্যবেক্ষণে আরও উঠে আসে, অনেক প্রতিষ্ঠানে দোকানের সাইনবোর্ড নেই, বিক্রয় রসিদ দেওয়া হয় না, পণ্য সংরক্ষণে পরিচ্ছন্নতার ঘাটতি রয়েছে এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন পণ্য বাজারজাত করা হচ্ছে।

পাঁচ সরকারি সংস্থাকে নিয়মিত বাজার মনিটরিংয়ের আহ্বান

বাজারের অনিয়ম ও ভোক্তা অধিকার লঙ্ঘন প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই, ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তরকে নিয়মিত বাজার মনিটরিংয়ের আহ্বান জানিয়েছে সিআরবির চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক শাখা।

সিআরবি নেতৃবৃন্দ বলেন, ভোক্তা সুরক্ষায় সরকার একাধিক নিয়ন্ত্রক ও তদারকি সংস্থা প্রতিষ্ঠা করলেও মাঠপর্যায়ে কার্যকর নজরদারি, জবাবদিহিতা এবং দায়িত্বশীলতার ঘাটতির কারণে বাজারে অনিয়ম রয়ে যাচ্ছে। এর ফলে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে প্রতিনিয়ত আর্থিক ও স্বাস্থ্যগত ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ ভোক্তারা।

অংশ নেন সিআরবির বিভাগীয় নেতৃবৃন্দ

বাজার পর্যবেক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন সিআরবির চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক শাখার সভাপতি ও সাংবাদিক কামরুজ্জামান ভূঁইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাইনুল হক, সহসাধারণ সম্পাদক এমদাদুল হক, অর্থ সম্পাদক সুমাইয়া আক্তার, আইন ও লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট ফাতেমা বেগম, সার্ভিস ফি ও পণ্য মূল্য পর্যবেক্ষণ সম্পাদক কলি আক্তার, দপ্তর সম্পাদক সাইফুল ভূঁইয়া, বিদ্যুৎ ও জ্বালানি মূল্য মনিটরিং সম্পাদক আলামিন খন্দকার এবং যাত্রীসেবা ও পরিবহন ভাড়া মনিটরিং সম্পাদক জালাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা

সিআরবির চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ বাস্তবায়নে জনসচেতনতা অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। ভেজাল, প্রতারণা, অতিরিক্ত মূল্য আদায়, ওজনে কারচুপি এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে এ ধরনের সচেতনতামূলক প্রচারণা ও বাজার পর্যবেক্ষণ কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখা হবে।

তাঁরা আরও বলেন, ভোক্তা অধিকার নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে সচেতন নাগরিক, দায়িত্বশীল ব্যবসায়ী সমাজ এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সবার সহযোগিতায় একটি নিরাপদ, স্বচ্ছ ও ভোক্তাবান্ধব বাজারব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

সিআরবির প্রত্যাশা—আইনের যথাযথ প্রয়োগ, নিয়মিত বাজার তদারকি এবং জনসচেতনতার মাধ্যমে ভোক্তার অধিকার নিশ্চিত হবে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved