ভোক্তা অধিকার রক্ষায় কোম্পানীগঞ্জে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছে স্মারক লিপি হস্থান্তর করছেন সিআরবি’র স্থানীয় নেতৃবৃন্দ
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: আব্দুল আউয়াল :
ভোক্তা অধিকার সুরক্ষা, বাজার মনিটরিং কার্যক্রম জোরদার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে ক্রেতা সুরক্ষা আন্দোলন–কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)-এর কোম্পানীগঞ্জ উপজেলা শাখা। এ সময় ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে স্মারকলিপিও প্রদান করা হয়।
সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে সিআরবি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান-এর সঙ্গে মতবিনিময় করেন। আলোচনায় উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের যৌক্তিক মূল্য নিশ্চিত করা, কৃত্রিম সংকট প্রতিরোধ এবং নিয়মিত বাজার তদারকি কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পরে প্রতিনিধিদল সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম-এর সঙ্গে সাক্ষাৎ করে বাজারে ওজনে কারচুপি, ভেজাল পণ্য বিক্রি এবং বিভিন্ন ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের ভোক্তা অধিকার ক্ষুণ্ন হয়—এমন কোনো অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে এবং বাজার মনিটরিং কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
এ ছাড়া কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হাকিম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাজারের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি প্রতিরোধ এবং ক্রেতা-বিক্রেতাদের হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। ওসি সিআরবির জনসচেতনতামূলক কার্যক্রমকে স্বাগত জানিয়ে বাজারের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় নিয়মিত বাজার তদারকি, অতিরিক্ত মূল্য আদায় ও মজুদদারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ওজনে কারচুপি প্রতিরোধ, ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসন ও সিআরবির সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সৌজন্য সাক্ষাৎ শেষে সিআরবি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রশাসনের কর্মকর্তারা ভোক্তা অধিকার রক্ষায় সিআরবির জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।