গাজীপুরের কালিয়াকৈরে ভেজাল সন্দেশ কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, শাস্তিবিহী ৭৫ হাজার টাকা জরিমানা
আব্বাস উদ্দীন ধ্রুব
-
প্রকাশের সময় :
সোমবার, ৬ জুলাই, ২০২৬
-
৪৩
বার পড়া হয়েছে
ভিডিও নিউজ রিপোর্ট
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় একটি ভেজাল সন্দেশ তৈরির কারখানায় অভিযান চালিয়ে শাস্তিবিহী ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ক্রেতা সুরক্ষা আন্দোলন- কনজিউমার রাইটস বাংলাদেশ -সিআরবি কালিয়াকৈর উপজেলা শাখার তথ্যের ভিত্তিতে গত ৫ জুলাই বিকেল ৩টায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে নষ্ট মিষ্টি, পচা উপকরণ এবং মানবদেহের জন্য ক্ষতিকর নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করে শিশুদের জনপ্রিয় খাদ্য হিসেবে পরিচিত “নাটোরের কাঁচা গোল্লা” নামের সন্দেশ উৎপাদনের ও বাজারজাত করা হচ্ছিল। এসব সন্দেশ স্থানীয় গ্রাম-গঞ্জ, বাজার, ফুটপাতের দোকানসহ রাজধানী ঢাকার চকবাজারেও বিক্রি করা হতো।
অভিযানকালে কারখানায় ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সিআরবির পক্ষ থেকে জরিমানার পাশাপাশি কঠোর আইনগত ব্যবস্থা হিসাবে জেল প্রদানের দাবীও জানানো হয়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বিপুল পরিমাণ বিষাক্ত কেমিক্যাল, ভেজাল সন্দেশ, ক্ষতিকর উপকরণ, কাঁচামাল এবং প্রায় ২০ থেকে ২৫ ড্রাম দুর্গন্ধযুক্ত পচা মিষ্টির রস জব্দ করেন। এছাড়া অনুমোদনবিহীন প্যাকেটজাত ভেজাল সন্দেশ ধ্বংস করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক আফসানা পারভীন উপস্থিত সকলের সামনে জব্দকৃত বিষাক্ত কেমিক্যাল, ভেজাল সন্দেশ ও অন্যান্য ক্ষতিকর উপকরণ ধ্বংস করেন। একই সঙ্গে বৈধ লাইসেন্স না থাকায় কারখানাটি বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারী প্রদীপ্ত সরকার, ক্রেতা সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ- সিআরবি গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মো. নাজমুল হাসান বাদল, সিআরবি কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি মো. মাসুদ রানা এবং সার্ভিস ও পণ্য মূল্য পর্যবেক্ষণ বিষয়ক সম্পাদক মো. সোহেল রানা।
ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা বলেছেন, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ