ঢাকা: নিরাপদ ও মানবিক সড়কব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন নিতাই চন্দ্র চৌধুরী।
মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ, সদস্য এবং সড়ক নিরাপত্তা আন্দোলনের কর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়; আইন বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি, দক্ষ চালক তৈরি এবং সবার সম্মিলিত উদ্যোগই নিরাপদ সড়ক প্রতিষ্ঠার মূল চাবিকাঠি।
অনুষ্ঠানে নিরাপদ সড়ক আন্দোলনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে সরকারের পাশাপাশি সাধারণ জনগণকেও আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
শেষে দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দেওয়া হয়—“নিরাপদ সড়ক কোনো বিলাসিতা নয়, এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। আসুন, আমরা সবাই মিলে নিরাপদ সড়ক গড়ে তুলি।“